দেশের ইতিহাসের সেরা ফুটবলার বলা হয় দুজনকে। দুই প্রজন্মের দুই তারকা ২০১০ বিশ্বকাপে জুটিও বেঁধেছিলেন। কিন্তু গুরু-শিষ্য মিলেও নক্ষত্র আর্জেন্টিনার হাহাকার ঘোচাতে পারেননি। বলা হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির কথা।
বিশ্বকাপে ব্যর্থতার পর ম্যারাডোনারও বিদায়ঘণ্টা বাজে। এরপর দুজনের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে চোখাচোখি বা সামান্য সৌজন্য বিনিময় হয়েছে। কিন্তু সেভাবে কোন কথাই হয়নি।
প্রায় ছয় বছর দুজনের তেমন কথা নেই বলে বিস্ময়কর তথ্য নিজেই জানিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে লম্বা সময় পর হলেও মেসি-ম্যারাডোনার উষ্ণ মোলাকাত হল। সেটা ফিফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে।
লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ হয় দুই আর্জেন্টাইন মহাতারকার। সেই সঙ্গে কথাও হয়। একে অপরকে উষ্ণ আলিঙ্গনে বেধেও ফেলেন তারা।
তবে দিনটা খুব একটা ভাল যায়নি সাবেক গুরু-শিষ্যর। কারণ মেসিকে টপকে টানা দ্বিতীয়বার ফিফার সেরা নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এনিয়ে অবশ্য দুঃখ থাকলেও দুজনের উষ্ণ মোলাকাতের স্বস্তিটাও বা কম কিসে!








