একের পর এক নাশকতা, পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত পুলিশ?
ডিসেম্বর সামনে রেখে পুলিশের বিশেষ প্রস্তুতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নভেম্বরজুড়ে সহিংসতার ধারাবাহিকতায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ডিসেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। এমন পরিস্থিতিতে লকডাউন ও সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে একের পর এক নাশকতা ঠেকাতে পুলিশের প্রস্তুতি কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও সামনে এসেছে।
আজ রোববার ও আগামীকাল সোমবার টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত ১৯ নভেম্বর দলটির ঘোষিত ১০ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও জাতীয় দিবসগুলো সামনে রেখে আগাম নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছে পুলিশ।
তবে নিরাপত্তা প্রস্তুতির মধ্যেও নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা থামছে না। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অন্তত আটটি বাস, একটি ট্রেন, গ্রামীণ ব্যাংকের ছয়টি কার্যালয়, একটি বিদ্যুৎ উপকেন্দ্র, জুলাই স্মৃতিস্তম্ভ, একজন সংসদ সদস্যের বাড়ি, পুলিশ ব্যারাক ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিনটি দোকানেও আগুন দেওয়া হয়েছে।
এসব ঘটনায় ঢাকার সাভার ও আশুলিয়ায় নাশকতার সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, নওগাঁ, বরিশাল ও জামালপুরে ১০টি ককটেল, দুটি হাতবোমা ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৪ নভেম্বর পর্যন্ত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এরপর ২৪ থেকে ২৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনায় অন্তত ২৫টি নতুন অগ্নিসংযোগ, হামলা, বিস্ফোরণ, ভাঙচুর ও নাশকতার ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা রয়েছে।
নাশকতার লক্ষ্যবস্তু হিসেবে যানবাহনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাও বেছে নেওয়া হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কার্যালয়, রাজনৈতিক নেতাদের বাসভবন, বিদ্যুৎ উপকেন্দ্র এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে হামলার ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহের মতো জরুরি সেবার অবকাঠামোয় হামলা হলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সেসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার রাতে সাভার ও আশুলিয়ায় তিনটি বাসে অগ্নিসংযোগের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। পৃথক ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।
রাজধানী ঢাকাতেও এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে দুটি বাসে আগুন দেওয়া হয় মিরপুরে এবং অন্যটিতে দৈনিক বাংলা মোড়ে।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
রাজধানীতেও নাশকতা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর একাধিক থানার ওসিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দৃঢ় মনোবল ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
গত ২০ নভেম্বর গোপালগঞ্জ সফরেও আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলার বিষয়ে আইজিপি বলেছিলেন, ‘আইন ও সংবিধান অনুযায়ী যা যা প্রয়োজন, সবই করা হবে।’
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। কেউ সহিংসতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। সারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
লকডাউন কর্মসূচির পাশাপাশি ডিসেম্বর মাসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছে পুলিশ। এ জন্য আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, টহল বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিসেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, টহল জোরদার ও প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে।
তিনি বলেন, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, লকডাউন কর্মসূচি ঘিরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও মাঠে থাকার কথা জানিয়েছেন। ফলে কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে ৪৮ ঘণ্টার লকডাউন এবং ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও হামলার মতো নাশকতা প্রতিরোধ, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত এড়ানো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম গোয়েন্দা তথ্য, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ও দ্রুত পদক্ষেপের ওপরই এখন গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





