লিওনেল মেসি পিএসজিতে ছন্দহীন। ভুগছেন গোল খরায়। দলকে পেছনে টানছেন বলেও ক্লাব সমর্থকদের ক্ষোভ। প্যারিসে নিজেকে মানিয়ে নিতে যখন খাবি খাচ্ছেন আর্জেন্টাইন তারকা; তখন আরও একবার তাকে ন্যু ক্যাম্পে দেখতে মুখিয়ে সাবেক সতীর্থ দানি আলভেস। বার্সেলোনার হয়ে শেষবার মেসির সঙ্গে খেলতে চান তিনি।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে তার পাশে রাখতে চান কিনা- জানতে চাইলে স্পোর্টকে আলভেস বলেছেন, ‘জানি না সে কী ভাবছে বা করতে চান। তিনি শেষ উদযাপনের জন্য কিছু সময়ের জন্য দলে ফিরতে পারেন। কেনই বা ফিরবেন না?’
গত গ্রীষ্মকালীন দলবদলে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের পাড়ি জমান মেসি। সেখানে ভুগছেন বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ড, দুয়ো শুনছেন ক্লাব সমর্থকদের কাছ থেকেও। এমন পরিস্থিতিতে বার্সেলোনা সেরা জায়গা বলে মনে করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
‘এখানের মতো ভালো জায়গা আর কোথাও নেই। বার্সেলোনার চেয়ে ভালো হতে পারি না। মেসি চলে গেলেন এবং অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করলেন। চাইলে এটা তার ঘরে ফেরার সময়।’
আলভেসের চাওয়া মতো আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনায় ফিরলেও তার সঙ্গে খেলতে পারবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা আছে। ২০১৬ সালে বার্সা ছেড়ে পাঁচবছর বাইরে কাটিয়ে গতবছরের নভেম্বরে ন্যু ক্যাম্পে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আসছে গ্রীষ্মে শেষ হচ্ছে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি। এখনও জাভি হার্নান্দেজের দলের সঙ্গে আলোচনাও হয়নি চুক্তি বাড়ানোর ব্যাপারে।
এমন পরিস্থিতিতে নিজের ক্যারিয়ার নিয়ে মোটেও চিন্তিত নয় আলভেস। বরং নিজের সেরাটা খেলাটা খেলে প্রাপ্যটা বুঝে নিতে চান। নতুন চুক্তির ক্ষেত্রে চাপ দিতে চান কিনা প্রসঙ্গে আলভেস বলেন, ‘না। প্রথমবার বার্সেলোনায় যেভাবে খেলেছি সেভাবেই যাচ্ছি। শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’







