২০১৭ সালের ১৭ আগস্ট বার্সেলোনার লাস রাম্বলাস এবং কামব্রিলসে সন্ত্রাসী হামলা চালিয়েছিল জঙ্গিরা। স্প্যানিশ পত্রিকা এল পেরিয়াওডিকো বলছে, সেই ঘটনার তিনদিন পরে বার্সার মাঠ ন্যু ক্যাম্পেও হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।
গতবছরের সেই সন্ত্রাসী হামলার তিনদিন পর রিয়াল বেটিসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি-সুয়ারেজরা। এল পেরিয়াওডিকো দাবি করছে, সেই ম্যাচে একাধিক হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
১৭ আগস্টের হামলায় অংশ নেয়া জঙ্গি মোহাম্মদ হিকামির কাছে থেকে উদ্ধারকৃত সেলফোন, লা লিগার ম্যাচসূচি, ন্যু ক্যাম্পে ঢোকার রাস্তার নকশা দেখে হামলার বিষয়টি নিশ্চিত হয় বার্সেলোনা পুলিশ।
কেবল ন্যু ক্যাম্পেই নয়, প্যারিসের সেন্ট ডেনিশ স্টেডিয়ামে ফ্রান্স জাতীয় দলের উপরও হামলার পরিকল্পনার কথা প্রকাশ করেছে স্প্যানিশ পত্রিকাটি।
হামলায় ছদ্মবেশ ধারণের জন্য ন্যু ক্যাম্প থেকে জার্সিও কিনেছিল দুই জঙ্গি। জার্সি পরেই হামলার পরিকল্পনা ছিল তাদের।








