মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় পায় নিগার সুলতামা জ্যোতির দল। গ্রুপপর্বে নিজেদের শেষ খেলায় মালয়েশিয়াকে হারাতেই পারলেই সেমিফাইনালের টিকিট কাটবে টিম টাইগ্রেস।
ডাম্বুলায় বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মালয়েশিয়ার মেয়েদের সঙ্গে মাঠে নাম্বে লাল-সবুজের দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বি-গ্রুপে থাকা বাংলাদেশ দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া থাইল্যান্ড রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক শ্রীলঙ্কা।
গত শনিবার লঙ্কান মেয়েদের কাছে ৭ উইকেটে হারে জ্যোতি-জাহানারারা। আগে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেটে তোলে ১১১ রান। জবাবে শ্রীলঙ্কা ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায়।
থাইল্যান্ডের বিপক্ষে গত সোমবার ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আগে ব্যাট করা থাই মেয়েরা ৯ উইকেটে ৯৬ রানেই থামে। জবাবে বাংলার মেয়েরা ১৫ বল বাকি রেখে ৩ উইকেট খুইয়ে জয় তুলে নেয়।







