বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা, থাকছে কিছু নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা, থাকছে কিছু নির্দেশনা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হবে। সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারেই এ পরীক্ষা করাতে হবে। নির্ধারিত তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য গ্রহণ করা হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের নিয়মিত ওয়েবসাইটের তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সক্ষমতা বিবেচনায় তালিকায় পরিবর্তন আনা হতে পারে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ৩১ অক্টোবরের আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না। এর আগে পরীক্ষা করানো হলে সেই প্রতিবেদন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

এদিকে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমোদন ছাড়াই পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। এ ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্ট অনুমোদন বাতিল করা হতে পারে।

অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায় জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রবাসী কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।

বিষয়:ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মালয়েশিয়াগামী কর্মী স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…