মুন্সিগঞ্জের নিমতলীতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে সোমবার সকাল ছয়টার দিকে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। নিহত তিনজন হলো শুভ (১৮), রফিক (১৭) ও রোহিত (১৮)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট ডেরিক জানান, ট্রাকটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি শিমুলিয়া ঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলীতে মুখোমুখি সংঘর্ষ হয়।
হতাহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজন মারা যায়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।








