হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুর এলাকায় অলোক সেনের নিজ বাড়ির সামনেই এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অলোক সেনের স্ত্রী শিখা সেন জানান, বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলেন অলোক। বাড়ির গেট পার হলেই ২ জন অস্ত্রধারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এসময় হামলাকারীরা মুখোশ পরে ছিলো।
তার চিৎকারে স্ত্রী শিখা বের হয়ে আসলে হামলাকারীরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






