মায়ের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, কাভার্ড ভ্যান চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন।
নিহত দুই বোন হলো আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। তারা পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে দুই মেয়েকে নিয়ে গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাদের মা ফাতেমা আক্তার। তারা মহাসড়কের পাশে হাঁটার সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মায়ের সঙ্গে সড়কের কিনারা দিয়ে হাঁটছিল দুই শিশু। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে, কাভার্ড ভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
তিনি জানান, নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।






