মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস বা মরিচের গুঁড়া স্প্রে করা হয় হরহামেশাই। আর কাজটি করে থাকেন আইনশৃঙ্খলা রক্ষারকারী বাহিনীর সদস্যরা।
তবে এবার কাজটি করবে ড্রোন। বিশেষ এ উদ্দেশ্য নিয়ে একটি ড্রোন স্কোয়াড গঠন করছে ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ পুলিশ।
চারজন কনস্টেবল এবং একজন কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত হবে স্কোয়াডটি। কনস্টেবলরা চারটি ড্রোন পরচালনা করবেন যার প্রতিটিতে থাকবে দুই কেজি পর্যন্ত মরিচের গুঁড়া।
ড্রোনের এমন ব্যবহার এটিই প্রথম, আর তাই আওরঙ্গবাদ পুলিশের কমিশনার মনে করেন এই উদ্ভাবনটি প্যাটেন্ট করে রাখার মতো।
পুলিশের এ কর্মকর্তা জানান, মরিচের গুঁড়ার সাথে আলাদা রং মিশ্রিত করা হবে। এর ফলে খুব সহজেই আন্দোলনকারীদের শনাক্ত করা সম্ভব হবে।
অবশ্য আওরঙ্গবাদ পুলিশ প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়ার দাবি করলেও এর আগে ২০১৫ সালে একই উদ্যোগ নিয়েছিল উত্তর প্রদেশের লখনৌ পুলিশ। সেসময় এ উদ্যোগ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।







