ভারতের মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ার শুরু করেছিলেন মাথার চুল বড় রেখে। বাংলাদেশের এনামুল হক বিজয় ক্যারিয়ারের মধ্যখানে এসে চুল বড় করেছেন। দুজনই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অনেকের ধারণা ধোনিকে অনুসরণ করেই চুল বড় করেছেন বিজয়। প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয় অবশ্য জানালেন ভিন্ন কারণের কথাই।
‘কাউকে অনুসরণ করে নয়, আসলে চুল বড় রাখা আম্মুর খুব পছন্দের বলে। বাবা যদিও পছন্দ করে না। আম্মু খুব পছন্দ করে। আম্মুর জন্যই রাখা। আম্মু বলেছে চুল বড়ই থাক। অনেকদিন পর জাতীয় দলে আসছ, বড়ই থাক। মন দিয়ে খেলো। দলের জন্য ভাল কিছু করার চেষ্টা কর। পরে যদি মনে চায় ফেলে দিয়ো।’
স্টেডিয়ামপাড়ায় গুঞ্জন আছে, জাতীয় দলে ডাক পাওয়ার আগ পর্যন্ত বিজয় চুল বড় রাখার প্রতিজ্ঞা করেছিলেন! সোমবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজয়। আগের দিনই দলে ফেরার অনুভূতি জানিয়েছেন, এবার সকলের আগ্রহ থাকল চুল বিষয়েই।
‘না, সে রকম কোন ব্যাপার নেই। যখন যেখানে সুযোগ পাচ্ছিলাম, চেষ্টা ছিল ভাল কিছু করার। আমার বিশ্বাস ছিল, ভাল খেলতে থাকলে অবশ্যই জাতীয় দলে ডাক আসবে। আমি সেই চিন্তা করেই খেলেছি।’ চুল বড় রাখা প্রসঙ্গ এভাবেই আড়ালে ঠেলেন বিজয়।
চুলের বড় হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে সম্প্রতি বড় বড় ইনিংসও খেলেছেন বিজয়। জাতীয় লিগের শেষ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে চলতি মৌসুমে তার ব্যাট থেকে আসে হাজারেরও বেশি রান। আছে দুটি ডাবল সেঞ্চুরিও। ৫০ ওভারের ক্রিকেটেও তার ব্যাট ছিল ক্ষুরধার। বিপিএলে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়ে করেন সাবলীল ব্যাটিং। তাতেই জায়গা পেলেন বাংলাদেশের ওয়ানডে দলে। লক্ষ্যটাও আপাতত ত্রিদেশীয় সিরিজ ঘিরেই, ‘মনে হয় ভাল কিছু করতে পারব।’










