শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই নিজের নিষেধাজ্ঞার খবর দেন।
শেষ ম্যাচে বাংলাদেশ ৭০ রানে হেরে যায়। এদিন টাইগাররা টস জিতে আগে বল করে। শ্রীলঙ্কা ২৮০ রান করে। ব্যাটিং ব্যর্থতায় ২১০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, ‘এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলাম, পরের ওয়ানডে খেলতে পারব না।’
এর আগেও একবার নিষেধাজ্ঞা পেতে হয়েছিল মাশরাফিকে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে।
ডাম্বুলায় প্রথম ওয়ানডের পর বাংলাদেশকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও বোলিং ইনিংস শেষ করতে প্রায় ২৫ মিনিট সময় বেশি নিয়েছিল বাংলাদেশ। আর শেষ ওয়ানডেতে নিজেদের ইনিংস শেষ করতে প্রায় ৩০ মিনিট দেরি করে ফেলেন অধিনায়ক মাশরাফি।








