ভারত-পাকিস্তানের কাছে দুই ম্যাচ মিলিয়ে ১৪ গোল খেয়েছে বাংলাদেশ। সেমির আশা শেষ। তাই এখন আর বড় কোন কিছুর স্বপ্ন দেখছে না মাহবুব হারুনের দল। পুল ‘এ’র শেষ ম্যাচে জাপানকে হারিয়ে ভালো অবস্থানে থেকে আসর শেষ করাটাই এখন প্রধান লক্ষ্য দলের। সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন জিমি-চয়নদের কোচ। তবে এক সঙ্গে তিন খেলোয়াড়ের চোট নিয়ে শঙ্কায় আছেন তিনি।
পুল ‘এ’তে তলানিতে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জাপান। ছয় পয়েন্টে সবার উপরে ভারত আর পাকিস্তানের সংগ্রহ চার পয়েন্ট।
আগের দুই ম্যাচে বিশাল হারের লজ্জায় কিছুটা প্রলেপ পড়তে পারে জাপানের বিপক্ষে জয়ে। আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দলটিকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতিও আছে বাংলাদেশের। তাই জাপানকে হারিয়ে গ্রুপে তৃতীয় হওয়ার স্বপ্নই দেখছেন কোচ মাহবুব হারুন।
‘আমরা যদি মানসিকভাবে পিছিয়ে থাকি তাহলে তো জেতা অসম্ভব। হাতে এখনো বেশ কিছু সময় আছে। আগের ম্যাচগুলোর ভিডিও দেখে ভুলত্রুটি বের করার চেষ্টা করবো। আমরা আশাবাদী। ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করবো।’
মান বাঁচানোর ম্যাচের আগে চোটে পড়েছেন দলীয় অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, খোরশেদ এবং পিন্টু। ফিজিওর সঙ্গে কথা বলে ম্যাচের আগে করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন কোচ হারুন।
‘পিন্টু-জিমি-খোরশেদের চোট আছে। তারা আজ অনুশীলন করেনি। দেখি ফিজিওর সঙ্গে কথা বলে। পিন্টু ও জিমির চোট আছে। খোরশেদের অনেক চাপ গেছে গত ম্যাচে। আশা করি সে খেলতে পারবে।’








