শিক্ষা

ঢাবিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ, যোগ্যতা সিজিপিএ ২.৫০

ঢাবিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ, যোগ্যতা সিজিপিএ ২.৫০

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যোগাযোগবৈকল্য বা কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ এক বছর মেয়াদি ‘প্রফেশনাল মাস্টার্স ইন কমিউনিকেশন ডিজঅর্ডারস’ (পিএমসিডি) প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়মিত পূর্ণকালীন প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

এ প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ বা সিজিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণকারীদের মধ্যে বিশেষায়িত স্কুল, হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত ব্যক্তি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বাবা-মাকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কিংবা প্যাথলজিতে স্নাতক ডিগ্রিধারীরাও বিশেষ অগ্রাধিকার পাবেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো ক্লিনিক্যাল ডিগ্রি নয়।

আবেদনের সময় পূরণ করা ফরমের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাজীবনের সব পরীক্ষার নম্বরপত্র ও সনদের অনুলিপি জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের নিজ নিজ কর্মস্থল থেকে অনাপত্তিপত্রও (এনওসি) জমা দেওয়া বাধ্যতামূলক।

কাগজপত্র যাচাই শেষে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিভাগীয় অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর ২০২৬ (রোববার) বিভাগীয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। ভর্তিসম্পর্কিত যেকোনো বিস্তারিত জানতে ০১৭৭২৩৬৩৩৯৯ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিষয়:২০২৬-২৭ শিক্ষাবর্ষ আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি সিজিপিএ ২.৫০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…