ভুটানের থিম্পুতে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সূচি বদলে তা আগামী ২৪ ও ২৭ জুলাই নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে খেলা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। ১১ ও ১৪ জুলাই ম্যাচ দুটি হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় সেটি সম্ভব হয়নি। উড়োজাহাজের সিট স্বল্পতা ও রিটার্ন টিকিট না থাকায় ম্যাচের তারিখ বদলে যায়।
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এর আগে ফিফা উইন্ডোর বাইরে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনার কথা বলেছিলেন। সেটি অবশ্য হচ্ছে না। আগামী অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আগে তাই ভুটানের সাথে দুই ম্যাচ খেলেই সাবিনাদের তুষ্ট থাকতে হবে।
ভুটান সফরের আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। এতে দলের কোচ, ম্যানেজার, অধিনায়ক উপস্থিত থাকবেন।







