বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এর সৎ ভাই কিম জং ন্যামকে খুন করা হয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর ন্যামের মুখে ভিএক্স নার্ভ এজেন্ট এর অস্তিত্ব পাওয়ার কথা বলেছেন। বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির রসায়নবিদ্যা বিভাগ ন্যামের চোখ ও মুখ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে। আরো নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
জাতিসংঘ ইতোমধ্যে পীতাভ বাদামী রঙের এই বিষাক্ত রাসায়নিক পদার্থকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের শ্রেণীভুক্ত করেছে।
গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখে বিষ জাতীয় কিছু প্রয়োগ করে হত্যা করে।
ঘটনা তদন্তে মালয়েশিয়ার অবহেলার অভিযোগ করে আসছে নর্থ কোরিয়া। আর মালয়েশিয়া এ ঘটনার জন্য সরাসরি নর্থ কোরিয়াকে দায়ী না করলেও তাদের হাত রয়েছে বলে দাবি করে আসছে।








