প্রবাস সংবাদ

মালয়েশিয়ায় জুমার খুতবায় তরুণদের ৭ পরামর্শ দিলেন বাংলাদেশি অধ্যাপক

মালয়েশিয়ায় জুমার খুতবায় তরুণদের ৭ পরামর্শ দিলেন বাংলাদেশি অধ্যাপক

সংগৃহীত

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুলতান হাজী আহমদ শাহ মসজিদে জুমার খুতবা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক।

শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া খুতবায় তিনি পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে মুসলিম তরুণদের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের আহ্বান জানান।

‘রাইজ উইথ হিম্মাহ: ইগনাইটিং ইসলামিক মোটিভেশন থ্রু দ্য কুরআন অ্যান্ড দ্য সুন্নাহ’ শীর্ষক খুতবায় অধ্যাপক শহীদুল হক তরুণদের লক্ষ্যহীনতা, হতাশা, সময়ের অপচয় ও দায়িত্ব পালনে অনীহার মতো বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একজন মুমিনের প্রকৃত অনুপ্রেরণার উৎস হওয়া উচিত আল্লাহর প্রতি বিশ্বাস, আন্তরিক নিয়ত, উচ্চ লক্ষ্য এবং আখিরাতের জবাবদিহির চেতনা।

খুতবায় ইসলামে আত্মোন্নয়ন ও অনুপ্রেরণার সাতটি ভিত্তি তুলে ধরেন তিনি। এগুলো হলো সৎ নিয়ত ও ইখলাস, আল্লাহর রহমতের প্রতি আশা, আত্মপরিবর্তন ও প্রচেষ্টা, ধৈর্য ও অধ্যবসায়, তাওয়াক্কুল, জ্ঞানার্জন ও উৎকর্ষ সাধন এবং যৌবন ও সময়ের যথাযথ ব্যবহার।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণাকে শুধু ব্যক্তিগত সাফল্যের মাধ্যম হিসেবে না দেখে মানবকল্যাণ ও উম্মাহর সেবার উদ্দেশ্যে গ্রহণের আহ্বান জানান। হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া, আত্মশুদ্ধি এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরেও জ্ঞান অর্জন, গবেষণা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন অধ্যাপক শহীদুল হক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয়, অলসতা ও কাজ ফেলে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

খুতবার শেষাংশে মুসলিম তরুণদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায়, নিয়মিত কুরআন তিলাওয়াত, সময় ব্যবস্থাপনা, একাডেমিক কাজে সততা, শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন এবং সমাজকল্যাণে অবদান রাখার পরামর্শ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক দেশের শিক্ষার্থীরা ওই জুমার জামাতে অংশ নেন।

বিষয়:অধ্যাপক ড. মো. শহীদুল হক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় খুতবা পাঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সুলতান হাজী আহমদ শাহ মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…