মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তিহীন’ বলল তুরস্ক

ছবি:সংগৃহীত
মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্ক আশ্রয় দেবে বলে কুয়ালালামপুরের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে আঙ্কারা।
শনিবার (২১ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের অপতথ্য প্রতিরোধ কেন্দ্র (সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে এবং এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক বিবৃতিতে জানিয়েছিলেন, সম্প্রতি তার তুরস্ক সফরের পর মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, তিন থেকে ছয় মাস মেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় থাকা ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে। শরণার্থী সংকট আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে’ মোকাবিলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।
তবে ঘোষণার কিছুক্ষণ পরই কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আহমদ জাহিদ হামিদির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করার পর রোববার (২২ নভেম্বর) উপপ্রধানমন্ত্রীর প্রেস সচিব এক স্পষ্টীকরণে জানান, তুরস্কে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়টি এখনো দুই দেশের মধ্যে আলোচনা ও সমন্বয়ের পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতাকে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গণহত্যা’ হিসেবে রায় দেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই ঐতিহাসিক রায়ের পরদিনই মালয়েশিয়ার পক্ষ থেকে পুনর্বাসনের ওই ঘোষণাটি এসেছিল।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগ ও স্থানীয় জনগোষ্ঠীর চাপের মুখে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।






