ভাল গল্প-চরিত্র পেলে চলচ্চিত্রেও আগ্রহী প্রভা

বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ পাঁচবছর পর নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কাজ করছেন। সবকিছু মনমতো হলে নাটকের পাশাপাশি প্রভা চলচ্চিত্রেও অভিনয়ে আগ্রহী বলে জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। ‘আনওয়ান্টেড’ নামের শিরোনামের নাটকটিকে আবার পর্দায় ফিরলেন চয়নিকা-প্রভা।
ব্যতিক্রমধর্মী এ নাটকটিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন প্রভা। এর আগে তার পরিচালনায় ২০১০ সালে ‘পালিয়ে গিয়ে বিয়ে’ এবং ‘দোলনচাঁপা’ শিরোনামে অপূর্বর সঙ্গে সর্বশেষ নাটকে দেখা গিয়েছিলো প্রভাকে।
দীর্ঘ বিরতির পর চয়নিকা চৌধুরীর নির্মানে ফিরে আসা, বিজ্ঞাপন, চলচ্চিত্রে থেকে নিজেকে আড়াল করে রাখা সবকিছুই নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা।
চ্যানেল আই অনলাইন: কেমন আছেন?
প্রভা: সবকিছু মিলিয়ে খুব ভালো অাছি।
চ্যানেল আই অনলাইন: দীর্ঘ বিরতির পর চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ কেমন লাগছে?
প্রভা: মাঝে নানা কারণে চয়নিকা বউদির সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। সবসময় তো সবার সঙ্গে কাজ করার সময় বের করতি পারিয় না। তবে এখন থেকে বউদির সঙ্গে নিয়মিত কাজ করবো।
চ্যানেল আই অনলাইন: নাটকটির নির্মাণ কাজের কী অবস্থা?
প্রভা: শুটিংয়ের কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। বর্তমানে চয়নিকা বউদির সঙ্গে আরো একটি টেলিছবিতে অভিনয় করার কথা আছে। যতদূর জানি এটি দেশের বাইরে শুটিং হবে।
চ্যানেল আই অনলাইন: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
প্রভা: বর্তমানে একঘণ্টার নাটক নিয়ে বেশী ব্যস্ত আছি। এছাড়া বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম প্রচার হচ্ছে। এরমধ্যে ‘ভিলেজ ইঞ্জিনিয়ার’ ও ‘দহন’ নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। পাশাপাশি ‘শূন্য থেকে শুরু’, ‘নষ্ট নীড়’ ও ‘স্বর্ণলতা’ ধারাবাহিকগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে।
চ্যানেল আই অনলাইন: আপনাকে কেনো বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না ইদানিং, মডেলিং কি ছেড়ে দিলেন?
প্রভা: বিজ্ঞাপনে শুধু ভালো স্টোরির অভাবে কাজ করা হয় না। বিজ্ঞাপন করলেই তো হবে না। মানসম্মত ও জনপ্রিয়তা থাকা বিজ্ঞাপনে কাজ না করলে একজন অভিনয় শিল্পীর কোনো লাভ নেই। একসময়ে যখন বিজ্ঞাপন করতাম তখন ভালো স্টোরি পেতাম। ভবিষ্যতে ভালো স্টোরি ও সময় পেলে অবশ্যই বিজ্ঞাপন করবো।
চ্যানেল আই অনলাইন: আর চলচ্চিত্রে আগ্রহ নেই আপনার?
প্রভা: ওই যে বললাম ভালো গল্প পাই না। চলচ্চিত্র করার জন্য ভালো গল্প ও চরিত্র পাই না বলে সিনেমায় অভিনয় করছি না।
চ্যানেল আই অনলাইন: তাহলে বলতে চান দেশে ভালো গল্পের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না?
প্রভা: না, তা বলছি না। অবশ্যই আমাদের দেশে ভালো গল্পের ছবি নির্মাণ হচ্ছে। তবে আমার কাছে যেসব ছবির অফার আসে, সেসব ছবির গল্প বা চরিত্র কোনোটিই আমার পছন্দ হচ্ছিল না। যেদিন ‘ব্যাটে বলে মিলে যাবে’ সেদিনই আসলে সিনেমায় কাজ করবো। তার আগে নয়। কারণ সিনেমায় অভিনয় করলেই তো হবে না, যে সিনেমায় দর্শক আমাকে সারা জীবন মনে রাখবে সেই ধরণের সিনেমায় অভিনয় করতে চাই। আর এজন্য যতোদিন অপেক্ষা করা দরকার তাই করবো।
চ্যানেল আই অনলাইন: তাহলে মনপুরা ছবিটি করলেন না কেনো?
প্রভা: আসলে মনপুরা ছবিটি আমার কথা ছিলো। সবকিছুই ঠিক ছিলো কিন্তু ফ্যামিলির নিষেধের কারণে তখন ছবিটি আর করতে পারিনি।
চ্যানেল আই অনলাইন: মনপুরা ছবিটি আপনার চলচ্চিত্র ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারতো কী?
প্রভা: অবশ্যই মনপুরা ছবিটি আমার ক্যারিয়ার জীবনে অনেক প্রভাব ফেলতো। ছবিটি দর্শকদের কাছে এতো জনপ্রিয় হয়েছিলো এবং এখনও জনপ্রিয় সেই জনপ্রিয় ছবির নায়িকা আমি হতাম। দর্শক ছবিটির সঙ্গে ছবির নায়িকাকেও মনে রাখতো আজীবন। ভবিষ্যতে এধরনের ছবির অফার আসলে আমি অবশ্যই অভিনয় করবো।
চ্যানেল আই অনলাইন: যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করা ইচ্ছা আছে?
প্রভা: কেনো না, অফার পেলে অবশ্যই যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবো। তবে চরিত্র হতে হবে আমাদের দেশের উপর ভিত্তি করে।
চ্যানেল আই অনলাইন: সংসার জীবন কেমন কাটছে?
প্রভা: আসলে আমি ব্যক্তি প্রভাকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। কর্ম প্রভাকে নিয়েই কথা বলতেই আমি বেশি পছন্দ করি। তাই এ ব্যাপারে কিছু বলতে বলতে ভালো লাগে না।






