জনপদ

ভালবেসে বিকেলে বিয়ে, রাতে নবদম্পতির ‘আত্মহত্যা’

দম্পতি প্রেমের বিয়ে, পরে আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের রাতে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়া প্রতিনিধি:
পরিবারকে না জানিয়ে ভালবাসার সম্পর্কের চূড়ান্ত রূপ দিতে সোমবার বিকেলে প্রেমিক সবুজ মিয়া (২১) বিয়ে করেন প্রেমিকা মার্জিয়া জান্নাতকে (১৮)। কিন্তু তার কয়েকঘণ্টা যেতে না যেতেই ‘আত্মহত্যা’ করেন এই নবদম্পতি।

অভিযোগ উঠেছে, দিনমজুর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মানতে পারেনি জান্নাতের পরিবার।

সোমবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, নববিবাহিত সবুজ উপজেলার দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। আর মার্জিয়া মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। নামুজা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা তুলনামূলকভাবে অবস্থা সম্পন্ন।

প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়াকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

কিন্তু মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় সেখান থেকে জোরপূর্বক মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, রাত ১০টার দিকে নিজ নিজ বাড়িতে সবুজ এবং মার্জিয়া আত্মহত্যা করেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:বগুড়া শিবগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…