ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে বলেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এ তথ্য জানান।
এনডিটিভি তাদের এক প্রতিবেদনে কিরবিকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের পাশাপাশি অন্যান্য দেশকেও যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, প্রতিরক্ষা প্রয়োজনে দেশগুলোকে রাশিয়ার ওপর নির্ভরশীল দেখতে চায় না।
‘বিষয়টিতে আমরা তাদের নিরুৎসাহিত করছি। ভারতের সঙ্গে আমরা আমাদের প্রতিরক্ষা অংশীদারত্ব খুবই মূল্য দেই। আমরা এই অংশীদারত্ব আরও উন্নত করার উপায় খুঁজছি। আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে, যা খুবই গুরুত্বপূর্ণ।’ বলেন জন কিরবি।
সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের পরামর্শদাতা ডেরেক চোলেট বলেছেন, বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। কারণ ভারত তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে এবং প্রতিরক্ষা সরবরাহকারীদের ব্যাপারে বৈচিত্র্য এনেছে।
২০১৮ সালে ভারত রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষার জন্য এস- ফোরহান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের পাঁচটি ইউনিট কিনতে ৫০০ কোটি ডলারের চুক্তি করে। তখন ট্রাম্প প্রশাসন ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেয়।
তবে শেষ পর্যন্ত ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। একই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।







