অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪ মাসের সর্বনিম্নে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর এশিয়ার লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫৫০ ডলারের নিচে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কায় ডলারের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

এ নিয়ে টানা তিন দিন কমল মূল্যবান এই ধাতুর দাম। বিনিয়োগকারীদের মধ্যে এখন উদ্বেগ, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামী বছরের শুরুতেও সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন অনেকে।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। পাশাপাশি ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমে দামেও নেতিবাচক প্রভাব পড়ে।

ফেডের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর পক্ষে কর্মকর্তাদের মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে। বাজারে ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। জানুয়ারি ও এপ্রিলেও সুদ বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

এদিকে ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনাও ডলারের চাহিদা বাড়িয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে অতিরিক্ত কমে যাওয়ায় সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে সুদের হার বাড়ার প্রত্যাশা ও ডলারের শক্তিশালী অবস্থান অব্যাহত থাকলে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ বজায় থাকতে পারে। ফলে আগামী দিনে ফেডের সুদনীতি ও যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বিষয়:আন্তর্জাতিক বাজার সুদের হার স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…