শিক্ষা

বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী বছরের ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। এ ছাড়া ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৬.৫০ থাকতে হবে। প্রতিটি বিষয়ে থাকতে হবে ন্যূনতম জিপিএ ৩.৫০।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১৪ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জানুয়ারি। তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ ফেব্রুয়ারি।

লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর পাওয়া প্রার্থীরা মেধাতালিকায় স্থান পাবেন না।

এবার ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।

এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন রয়েছে। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে আসন রয়েছে ৩০টি।

বিষয়:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি বিজ্ঞপ্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…