আন্তর্জাতিক

ভারতে বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে

ভারতে বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে

ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলা চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে চার জঙ্গি ও তিন সেনা সদস্য নিহত হয়েছে। 

ভারতের একজন নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলাকারীরা কাশ্মির ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মুহাম্মদ-এর সদস্য। পাকিস্তান এ সংগঠনটিকে সহায়তা করে বলে দাবী করে আসছে ভারত। যদিও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করে।

দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, জঙ্গিদের ৪-৫ জনের একটি দল সেনাবাহিনীর পোশাক পরে ওই ঘাঁটিতে হামলা চালায়। এ ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ জঙ্গি বিমান রাখা হয়ে থাকে। তবে হামলায় জঙ্গি বিমান ও হেলিকপ্টারগুলোর কোনো ক্ষতি হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।

সন্ত্রাসীরা ঘাঁটির মূল অংশে প্রবেশ করতে পারেনি। তার আগেই প্রতিরক্ষায় নামে ভারতীয় সেনারা।

সকাল সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা আগেই সম্ভাব্য এ হামলার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি করেছিল। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ইতিমধ্যে সেখানে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে পৌঁছেছে। অভিযানে সহায়তার জন্য ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে। 

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের পরপরই এ হামলার ঘটনা ঘটল।

বিষয়:ভারতে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…