বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে আসছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জিরো’র ট্রেলার, ঘোষণাটি আগেই জানতেন সবাই। তাই ট্রেলার নিয়ে উৎসুক হয়ে দুপুর থেকেই প্রতীক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা।
কথা মতোই ভক্ত অনুরাগীদের জন্য জন্মদিনে দুর্দান্ত উপহার দিলেন শাহরুখ। হ্যাঁ, শুক্রবার বিকালে ‘জিরো’র ট্রেলার প্রকাশ করে ভক্ত অনুরাগীদের যেন দুর্দান্ত ‘গিফট’ দিলেন কিং খান।
কথা ছিলো দুপুর তিনটা নাগাদ ট্রেলার উন্মোচন করবেন। সে প্রতীক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। অনেকেই দ্বিধায় ছিলেন, কেমন হবে ‘জিরো’র ট্রেলার! সন্ধ্যার ঠিক আগে আগে রেড চিলির ইউটিউব ও ফেসবুক চ্যানেলে একযোগে দেয়া হয় প্রায় সোয়া তিন মিনিটের ট্রেলারটি। যা প্রকাশ হওয়ার পরই মেতে উঠেন শাহরুখ ভক্তরা। ট্রেলার মুক্তির এক ঘন্টার মধ্যেই ইউটিউবে দেখা হয় পাঁচ লাখবার!
এদিকে রেড চিলির ফেসবুকে দেয়া ট্রেলারটি মুগ্ধতা থেকে শেয়ার করছেন হাজারো সিনেমাপ্রেমী। ধারণা করা হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে রেকর্ড সংখ্যক ভিউয়ার্স জুটবে ‘জিরো’র ভাগ্যে!
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ প্রযোজনা করেছেন শাহরুখ পত্নী গৌরী খান। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। ২১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘জিরো’তে শাহরুখকে দেখা যাবে একজন বামনের চরিত্রে।







