ব্র্যাথওয়েটের কাব্যিক ইনিংসের পরও ইংল্যান্ডের বড় লিড

ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন খেলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বার্বাডোজ টেস্টের চতুর্থ দিন কাব্যিক এক ইনিংস খেললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তার ইনিংসে ভর করে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ক্যারিবীয়রা করেছে ৪০৭ রান। ৪৮৯ বল খেলে ১১ ঘণ্টা ৫০ মিনিট ক্রিজে থেকে তিনি ১৭ চারে ১৬০ রানের ইনিংস খেলেন।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রান তুলেছে ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ৫০ বলে এক চারে ১৮ ও জ্যাক ক্রাউলি ৪০ বলে ২ চারে ২১ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন। ৯ উইকেটে ৫০৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ইংলিশরা ১৩৬ রানের লিডে রয়েছে।
৪ উইকেটে ২৮৮ রান নিয়ে স্বাগতিকরা দিনের খেলা শুরু করে। ৩৩৬ রানের মাথায় তারা হারায় পঞ্চম উইকেটে। ব্র্যাথওয়েটের সঙ্গে ৫২ রানের জুটি গড়া আলজারি জোসেফ ৭৫ বলে ১৯ রান করে বেন স্টোকসের শিকারে পরিণত হন।
জেসন হোল্ডারকে নিজের শিকার বানিয়ে অভিষিক্ত পেসার সাকিব মাহমুদের প্রথম টেস্ট উইকেট নেন। ১২ রান করা হোল্ডার মিড অনে আরেক অভিষিক্ত ম্যাথিউ ফিসারের হাতে ধরা পড়েন।
৩৮৫ রানের মাথায় থামে একপ্রান্তে অবিচল থেকে সংগ্রাম চালিয়ে যাওয়া ব্র্যাথওয়েটের ইনিংস। জ্যাক লিচের বলে তিনি বোল্ড হন। এরপর কেমার রোচ এক রান করে ক্রিস ওকস এবং ভিরাস্যামি পের্মাউল ৫ রান করে সাকিব মাহমুদের বলে লেগ বিফোরে কাটা পড়লে ৪০৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জায়ডেন সেলেস ৫ রানে অপরাজিত থাকেন।
শেষ সেশনে হেলস ক্রাউলি দেখেশুনে ১৫ ওভার উইকেটে থেকে সরফকারীদের নিরাপদে দিনটি পার করিয়ে দেন।






