আন্তর্জাতিক

ব্রিটিশ নাগরিক হতে যাচ্ছেন হবু রাজবধু মেগান

চ্যানেল আই অনলাইন- প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

২০১৮ এর মে মাসে প্রিন্স হ্যারিকে বিয়ে করছেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। আর তারপরই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আছে হবু ব্রিটিশ রাজবধু মেগানের।

তবে একই সাথে মার্কিন নাগরিকত্ব বজায় রেখে দ্বৈত নাগরিক হিসেবে দুই দেশের পরিচয় বহন করতে পারবেন কি না তা এখনই বলা যাচ্ছে না, কারণ এই প্রক্রিয়া বেশ কয়েক বছর দীর্ঘ হয়ে থাকে।

হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডেলটনের সংসারের তৃতীয় সন্তান ২০১৮ এর এপ্রিলে ভূমিষ্ঠ হওয়ার কথা। এজন্যই মে মাসে নির্ধারণ করা হয়েছে হ্যারি-মেগানের বিয়ের তারিখ।

গত সোমবার হ্যারি-মেগানের বাগদানের খবর প্রকাশ করা হয়, তার পরপরই জনসম্মুখে আসেন এই জুটি। কেনসিংটন প্যালেস সূত্রে জানা যায়, রাজ পরিবারই গির্জার সেবা, সংগীত, ফুল ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে। বিয়ের পর কেনসিংটন প্যালেসের নটিংহামে থাকবেন হ্যারি-মেগান দম্পতি।

ব্রিটিশ গির্জাগুলোতে বিবাহবিচ্ছেদ নিয়ে সমস্যা না থাকায় আগে একবার বিয়ে হওয়া মেগানকে বিয়ে করতে কোন বাঁধা পাবেন না প্রিন্স হ্যারি। উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেল গির্জায় অনুষ্ঠিত হবে হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে।

২০১৬ সালের জুলাইয়ে প্রথম দেখাতেই মেগানের প্রেমে পড়েন হ্যারি। ১৬ মাসের প্রেমের পর বাগদান করলেন চলতি বছরের নভেম্বরে। নভেম্বরের শুরুতেই মেগানকে বিয়ের প্রস্তাব দেন হ্যারি, সাথে সাথেই সম্মতি দিয়ে দেন মেগান মার্কেল। তাদের প্রণয় পরিণয়ে পরিণত হবে ২০১৮ এর মে মাসে।

বিষয়:প্রিন্স উইলিয়াম প্রিন্স হ্যারি মেগান মার্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…