ব্রাসেলসে মঙ্গলবারের বোমা হামলার প্রধান একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর বেলজিয়ান গণমাধ্যমগুলো প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি করেছে বিবিসি।
এর আগে বলা হয়েছিলো, নাজিম লাচরাউয়ি নামের একজন সন্দেহভাজনকে শহরের আন্ড্রেলেখট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির নিরাপত্তা সংবাদদাতা বলছেন, বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় যে ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন, সেই বোমাগুলো নাজিম লাচরাউয়ি বানিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বেলজিয়ামের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ব্রাহিম এবং খালিদ আল-বাকরাউয়ি নামের দুই ভাই আত্মঘাতী হামলাকারী এবং ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলাগুলো চালিয়েছে।
বেলজিয়ামসহ ইউরোপজুড়ে এখন শোকের নীরবতা। বেলজিয়ামের রাজা এবং রাণী আহতদের দেখতে হাসপাতালে যান। বোমা হামলায় আহত ৩শ’ জনের মধ্যে দেড়শ’ জন এখনও হাসপাতালে, আহত ৬১ জনের অবস্থা গুরুতর।
এদিকে নিহতদের স্মরণে বুধবার এক মিনিটের নীরবতা পালন করে বেলজিয়ানরা। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।
মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে পরপর দুইটি বোমা হামলা এবং মেট্রো স্টেশনে আর একটি হামলায় ৩৪ জন নিহত হয়, আহত হয় অন্তত ২৫০ জন।
আইএস এই হামলার দায় স্বীকার করে হুমকি দিয়ে বলেছে, এমন হামলার ঘটনা আরো ঘটবে।






