ইউরো ফুটবল দেখার সময় সন্ত্রাসী হামলার হুমকিতে ব্রাসেলসের ১৬টি এলাকায় অভিযান চালিয়ে আটক ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। রাতভর অভিযানে গ্রেফতার বাকি ৯ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন দেশটির তদন্ত বিচারক।
আটক ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বিভিন্ন গণসমাবেশ এবং অনুষ্ঠানে আরও কঠোর নিরাপত্তা জোরদারের ঘোষণার পাশাপাশি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
দেশটির প্রচার মাধ্যম এর আগে ফ্রান্সের ইউরো ফুটবল চলাকালে ব্রাসেলসের ফুটবল ফ্যান ক্লাবে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সময় জঙ্গি আইএস হামলার পরিকল্পনার খবর প্রকাশ করে। এছাড়া মে মাসে বেলজিয়ামের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জনের মৃত্যু হয়।







