ব্রাজিলের পেট্রোপলিস শহরে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন ৯৪ জন।
বিবিসির প্রতিবেদনে জানায়, রিও ডি জেনেরোর উত্তরের পাহাড়ি পর্যটন এলাকা পেট্রোপলিসে গত মঙ্গলবার সৃষ্ট হওয়া বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স এক টুইট বার্তায় জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, নিহত হয়েছেন ৯৪ জন।
বন্যার প্রবল স্রোতে বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি। রাস্তায় বেড়ে গেছে পানি। সেই পানিতে ভাসতে দেখা যায় অসংখ্য গাড়ি।
রিও ডি জেনেরোর গভর্নর ক্লডিও ক্যাস্ট্রো একে যুদ্ধের মতো পরিস্থিতি বলে উল্লেখ করেন। এখনও ৩৫ জন নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার না করা পর্যন্ত চলমান থাকবে উদ্ধার কার্যক্রম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি এবং যানবাহনের। মাত্র ৩ ঘণ্টার টানা বৃষ্টিতে পর্যটন এলাকাটির চিত্র বদলে যায়। যার ফলে ভয়াবহ ভূমিধসে ৮০ টি বাড়ি বিধ্বস্ত হয়।
শহরের মেয়র জরুরি অবস্থা জারি করেছে।
রাশিয়ায় সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক সহায়তা প্রেরণের নির্দেশ দিয়েছেন।
গত তিন মাসে ব্রাজিলে হওয়া ভারি বৃষ্টিপাতের কারণ হিসেবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে।
পেট্রোপলিস এবং এর আশেপাশের অঞ্চলগুলো ২০১১ সালের জানুয়ারিতেও বন্যা এবং ভূমিধসের শিকার হয়েছিলো যাতে ৯ শতাধিক নাগরিক নিহত হয়।







