বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেলা ৪টার সময় মিরপুর হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দেশের খ্যাতিমান অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ফরিদ আলী তার সহজাত অভিনয় শৈলীর মাধ্যমে দেশের চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত। শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। প্রথম হাসির নাটক ‘ত্রি-রত্ম’ তে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় আগমন এ অভিনেতার।
৩য় নাটকের নাট্যকার ছিলেন এই বিশিষ্ট অভিনেতা। এরপর ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন তিনি। সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নাম, সমাধানসহ বিভিন্ন ছবিতে অনবদ্য অভিনয় করেন ফরিদ আলী।
তাঁর স্মরণে অনন্যা রুমা’র পরিচালনায় এবং শহীদুল আলম সাচ্চু’র উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে সন্ধ্যা ৬:২০ মিনিটে।
মঙ্গলবার বাদ যোহর চ্যানেল আই প্রাঙ্গণে তার নামাজে জানাজা হবে।










