ফুটবল

৭-৮ শহরে একাডেমি করবে বিসিবি

৭-৮ শহরে একাডেমি করবে বিসিবি

ঢাকার বাইরে ক্রিকেটের পরিধি বাড়াতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ৭ থেকে ৮টি শহরে সম্পূর্ণ বিসিবি একাডেমি চালুর পরিকল্পনা নিয়েছে বোর্ড। প্রাথমিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ২৮ তারিখের বোর্ড সভায় অনুমোদন মিললে কয়েক মাসের মধ্যেই শুরু হবে একাডেমিগুলোর কার্যক্রম।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

জাতীয় দলের তাৎক্ষণিক সাফল্যের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘সাত-আটটি শহরে বিসিবি একাডেমি চালু করতে চাই, ২৮ তারিখে এটা বোর্ডেও তুলব। আমরা যে কথা বলি ঢাকার কেন্দ্রিকতা থেকে খেলা সব জায়গায় ছড়াতে হবে-এভাবেই আমাদের কাজটি করতে হবে। খুব বেশি দিন সময় লাগবে না, কয়েক মাসের মধ্যেই আমরা একযোগে সাত থেকে আটটি শহরে বিসিবি একাডেমি চালু করতে যাচ্ছি।’

প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরগুলোতে একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে বিসিবির। যেসব জায়গায় বোর্ডের নিজস্ব মাঠ, উইকেট ও ইনডোর অনুশীলনের সুবিধা আছে, সেগুলোকেই প্রাথমিকভাবে বেছে নেওয়া হচ্ছে।

একাডেমিগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির বেতনভুক্ত জেলা ও বিভাগীয় কোচরা। ফলে নতুন করে বড় ধরনের জনবল নিয়োগ বা অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না। মূলত বল ও জার্সির মতো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেই কার্যক্রম পরিচালনা করতে চায় বোর্ড।

শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে সপ্তাহে তিন দিন-বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার চলবে প্রশিক্ষণ কার্যক্রম। প্রতিটি একাডেমিতে সুযোগ পাবেন ৫০ থেকে ৬০ জন নির্বাচিত তরুণ ক্রিকেটার। তাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। তবে প্রাথমিক পর্যায়ে আবাসিক সুবিধা থাকছে না। স্থানীয় ক্রিকেটাররা নির্ধারিত সময়ে অনুশীলনে অংশ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

বিসিবির এই উদ্যোগে বেসরকারি ও স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন তামিম। বরং স্থানীয় একাডেমিগুলো থেকেই প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে বিসিবি একাডেমিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড়দের প্রস্তুতির ধরনেও পরিবর্তন আনতে চায় বোর্ড। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের টুর্নামেন্টের সপ্তাহখানেক আগে বয়স যাচাই করে দল গঠন ও প্রস্তুতির কাজ শুরু হয়। এই প্রক্রিয়াকে আরও গোছানো করতে চান বিসিবি সভাপতি।

তার পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টের অন্তত চার মাস আগে থেকেই ক্রিকেটারদের বাছাই ও প্রশিক্ষণ শুরু হবে। বিসিবি একাডেমিতে দীর্ঘমেয়াদি অনুশীলনের পর প্রতিযোগিতায় অংশ নেবে বয়সভিত্তিক দলগুলো। এতে ক্রিকেটারদের প্রস্তুতি ও পারফরম্যান্স-দুটিই উন্নত হবে বলে আশা বোর্ডের।

প্রাথমিকভাবে কয়েকটি শহরে কার্যক্রম শুরু হলেও বিসিবির দীর্ঘমেয়াদি লক্ষ্য দেশের ৬৪ জেলায় একাডেমি প্রতিষ্ঠা করা। তবে এজন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তামিম। বলেছেন, ‘আমি তো চাই ৬৪টি জেলাতেই বিসিবি একাডেমি হোক। তবে সেজন্য ন্যূনতম অবকাঠামো দরকার। আমরা প্রতি বছর একটি বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। যেসব জেলা বা বিভাগ নিজেদের উদ্যোগে একটি ইনডোর সুবিধা তৈরি করতে পারবে, সেখানেই আমরা বিসিবি একাডেমি চালু করব।’

বিষয়:একাডেমি তামিম ইকবাল বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…