বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আর্চারির সভাপতি হচ্ছেন চপল

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাচন হতে যাচ্ছে ৩০ নভেম্বর। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হতে চলেছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। জাতীয় ক্রীড়া পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত দিনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি পদে চপল ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর আরচ্যারী ফেডারেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ২৬ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। মোট ৬২ জন কাউন্সিলর বা ভোটারের এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২৯টি পদের বিপরীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের সার্বিক তথ্য অনুযায়ী, সভাপতি পদে ১ জন প্রার্থীর পাশাপাশি সহ-সভাপতির ৫টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একক সাধারণ সম্পাদক পদের জন্য লড়াইয়ে নেমেছেন ৩ জন প্রার্থী। দুটি যুগ্ম সম্পাদক পদের জন্য ৩ জন এবং একটি কোষাধ্যক্ষ পদের বিপরীতে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৯টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল চাহিদা হলো তাদের অধিভুক্ত জাতীয় ফেডারেশনগুলোকে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এডহক কমিটি গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। সেই ধারাবাহিকতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নির্বাচনের পথে ধাবিত হয়েছি।’
‘এডহক কমিটি সরকার নিয়োগ দিয়েছিল, কিন্তু নির্বাচিত হয়ে কাজ করার মধ্যে একটা বড় ভিন্নতা রয়েছে। নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট সহ কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব ও জবাবদিহিতা অনেক গুণ বেড়ে যায়। আমরা সবাই নিজ ইচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিয়েছি, তাই এখন আর দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’
নির্বাচনে প্যানেল ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল স্পষ্ট জানান, আন্তর্জাতিক বিধান অনুযায়ী খেলাধুলায় কোনো প্যানেল, রাজনীতি বা পক্ষপাতের স্থান নেই। ভবিষ্যৎ লক্ষ্য ও রূপরেখা তুলে ধরে চপল জানান, বাংলাদেশ আরচ্যারী দলকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের সারিতে নিয়ে আসাই তার প্রধান স্বপ্ন। এই লক্ষ্য অর্জনে একটি সুনির্দিষ্ট ৭ বছরের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যা সরকারের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার আওতায় কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং খেলোয়াড়দের সুসংগঠিত সুযোগ-সুবিধা দেয়া হবে। আলাদা কোনো নির্বাচন ইশতেহারের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, এই ৭ বছরের মহাপরিকল্পনাই তাদের প্রধান ইশতেহার।
প্রভাবমুক্ত নির্বাচন প্রসঙ্গে চপল পুনর্ব্যক্ত করেন যে, নির্বাচনে কারো ওপর কোনো হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করা হয়নি। প্রার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও নিজ আগ্রহে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বস্তরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতি অনুসরণ করাই তাদের প্রধান লক্ষ্য।





