বিলিয়ন ডলার আয় করেও বাফটায় নেই মাইকেল জ্যাকসনের বায়োপিক

২০২৭ সালের বাফটা চলচ্চিত্র পুরস্কারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। নির্মাতা ও প্রযোজকদের সিদ্ধান্তে এবারের আসরে সিনেমাটি জমা দেওয়া হচ্ছে না। ফলে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনসহ সিনেমার অভিনয়শিল্পী ও কারিগরি দলের সদস্যদের বাফটায় পুরস্কার জয়ের সুযোগ থাকছে না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক গ্রাহাম কিং, পরিচালক অ্যান্টোইন ফুকোয়া এবং সংশ্লিষ্ট অংশীদারদের আলোচনার পর সিনেমাটি বাফটায় জমা না দেওয়ার সিদ্ধান্ত হয়। লায়ন্সগেট, আন্তর্জাতিক পরিবেশক ইউনিভার্সাল পিকচার্স এবং সিনেমাটির অন্যান্য অংশীদারও এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
তবে কেন সিনেমাটি বাফটায় অংশ নিচ্ছে না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো একাধিক কারণের কথা বললেও বিস্তারিত প্রকাশ করেনি। লায়ন্সগেট, ইউনিভার্সাল পিকচার্স ও জিকে ফিল্মসের প্রতিনিধিরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ সিদ্ধান্তের ফলে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসন এবং তার বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করা কোলম্যান ডমিঙ্গোর বাফটায় মনোনয়ন পাওয়ার সুযোগ থাকছে না। একইভাবে সিনেমার অন্য অভিনয়শিল্পী ও কারিগরি বিভাগের সদস্যরাও এবারের প্রতিযোগিতার বাইরে থাকছেন।
এর আগে গ্রাহাম কিং প্রযোজিত সংগীতনির্ভর বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’ বাফটায় অংশ নিয়েছিল। ওই সিনেমায় ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয়ের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার জিতেছিলেন রামি মালেক। পরে একই সিনেমার জন্য অস্কারও পান তিনি।
তবে বাফটায় অংশ না নিলেও ‘মাইকেল’-এর অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকছে। পাশাপাশি গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস এবং বিভিন্ন গিল্ডের পুরস্কারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে সিনেমাটির।
বাফটায় অংশ না নেওয়ার কারণে আন্তর্জাতিক পুরস্কারের ভোটারদের সামনে সিনেমাটির অভিনয় ও কারিগরি দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারাতে পারে সংশ্লিষ্ট দল। বিশেষ করে জাফর জ্যাকসনের অভিনয় আন্তর্জাতিক ভোটারদের নজরে আনার ক্ষেত্রে বাফটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
বাণিজ্যিকভাবে অবশ্য বড় সাফল্য পেয়েছে ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করে এটি ইতিহাসের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে। তবে দর্শকদের প্রশংসা পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি।
অ্যান্টোইন ফুকোয়া পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জন লোগান। এতে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।






