ক্রিকেট

বিপিএলে ‘চ্যাম্পিয়ন’ দলে খেলবেন মুশফিক

চিটাগং ছেড়ে কুমিল্লা

বিপিএলে ‘চ্যাম্পিয়ন’ দলে খেলবেন মুশফিক

ছয়টি আসর হয়ে গেলেও বিপিএলে শিরোপার মুখ দেখেননি মুশফিকুর রহিম। ফাইনালও খেলার সুযোগ হয়নি। তবে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন দলে যাচ্ছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা মুশফিক এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। মালিকানা বদলের সম্ভাবনা দেখা দেয়ায় এই ক্রিকেটার ছেড়ে দিয়েছেন চিটাগং ভাইকিংস।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্টের মাধ্যমে জানান, তাদের আইকন এবার মুশফিক। আর প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন ইংল্যান্ডে কোচিং পেশায় কাজ করা বিসিবির সাবেক কোচ শহিদুল ইসলাম রতন।

নাফিসা কামালের ফেসবুক পেজ থেকে নেয়া

 

ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে গত আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। তার আগে ২০১৫ সালে বিপিএলে নাম লিখিয়েই বাজিমাত করে দলটি। ২০১৫ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অসাধারণ নেতৃত্বে শিরোপার মুখ দেখে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে কুমিল্লার নেতৃত্ব দেন ইমরুল কায়েস। দলটির আইকন ক্রিকেটার তামিম ইকবাল ফাইনালে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে শিরোপা জয়ে রাখেন অসামান্য ভূমিকা। তারপরও এ ওপেনারের ঠিকানা বদলাচ্ছে। বিসিবিপাড়ায় জোর গুঞ্জন, খুলনা টাইটানসে যাচ্ছেন তামিম!

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল-৭ মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…