ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির সাবেক নেতা ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে।
সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি থেকে।
সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ।
কেক কাটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নেতা-কর্মীরা পরে জড়ো হতে থাকেন অপরাজেয় বাংলার পাদদেশে। সাবেক নেতা-কর্মীরাও যোগ দেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তারা।
বিএনপির রাজনীতিও উঠে আসে তাদের বক্তৃতায়। সমাবেশ শেষে বের হয় শোভাযাত্রা। আলাদাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জাসদ সমর্থিত ছাত্রলীগ।






