মেসি অন্য কোনো ক্লাবে পাড়ি জমালে বার্সার শুভেচ্ছাদূত রোনালদিনহো স্বাগত জানাবেন। ব্রাজিলিয়ান গ্রেট জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে তাকে পাশে পাবেন মেসি।
রোনালদিনহোর স্বর্ণালি সময়ে উত্থান হয় মেসির। মাঠে-বাইরে দুজনের রসায়নটাও ছিল বেশ। রোনালদিনহো ফুটবল ছেড়ে সাবেক হয়েছেন, হয়েছেন বার্সার শুভেচ্ছাদূত। আর মেসি দলের মধ্যমণি হয়ে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন বার্সাতেই। কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে আসি আসি করেও বসছেন না সমঝোতার টেবিলে।
চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে বার্সার সঙ্গে মেসির পুরনো চুক্তির মেয়াদ। এ সময়ের মধ্যে দলের সেরা তারকাকে চুক্তিতে আনতে না পারলে ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়বেন। চলে যেতে পারবেন যেকোনো দলে। তাকে পেতে সবচেয়ে আগ্রহী ব্যক্তির নাম বার্সারই সাবেক এবং ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা।
মেসির ভবিষ্যৎ ভাবনা তার উপরই ছেড়ে দিচ্ছেন রোনালদিনহো। অতীতে বার্সায় যেভাবে প্রিয় ছোট ভাইকে আগলে রেখেছেন রোনি, সাবেক হয়েও সেভাবেই সমর্থন যুগিয়ে যাচ্ছেন। গোলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মেসিকে খুশি রাখতে সবকিছু করতে প্রস্তুত তিনি।
‘তাকে নিয়ে কিছু বলা বেশ কঠিন আমার জন্য। কারণ আমরা খুবই ভাল বন্ধু। এবং একজন ভাল বন্ধু হিসেবে তার সুখটাই আমার কাছে মুখ্য।’
‘তবে সে যদি বার্সা ছাড়তে চায়, আমি বলবো হৃদয় যেটা বলে সে যেন সেটাই শোনে। যদিও আমি এখন বার্সার প্রতিনিধি; কিন্তু সে বার্সা ছাড়তে চাইলে আমার সমর্থন পাবে। তবে তাকে বার্সায় দেখতে পারাটাই সবচেয়ে আনন্দের হবে আমার জন্য।’
যদি বার্সেলোনা ছেড়ে অন্য কোন ক্লাবেও যান, মেসির খেলায় কোনও পরিবর্তন হবে না বলে মনে করেন রোনালদিনহো।







