হাঁটুর চোটে তিন মাসের কাছাকাছি বাইরে থাকার পর ফিরেছিলেন, ফের হাঁটুর চোটেই মাঠের বাইরে ছিটকে গেলেন জেরার্ড পিকে। বার্সেলোনা ডিফেন্ডারকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ খেলার বাইরে থাকতে হতে পারে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।
কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়াকে যে রুদ্ধশ্বাস রোমাঞ্চে হারিয়ে ফাইনালে পা রেখেছেন মেসিরা, সেই ম্যাচের অন্যতম নায়ক পিকে।
ম্যাচের ১২ মিনিটে উসমানে ডেম্বেলে গোলে লিড নেয়ার পর নির্ধারিত সময়ের খেলা যখন যোগ করা মুহূর্তে, তখন চতুর্থ মিনিটে গ্রিজম্যানের বাতাসে ভাসানো শটে মাথা ছুঁইয়ে গোল এনে বার্সাকে প্রাণ দেন জেরার্ড পিকে।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট সেভিয়া গোলরক্ষকের দু-পায়ের ফাঁক গলে হেডে গোল করে ফাইনালে পৌঁছার তৃপ্তি দেন বার্সেলোনাকে।
প্রথম লেগে সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলে হেরে আসা কাতালানরা দ্বিতীয় লেগে লড়ে ৩-০ গোলের জয় তোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী হয়। রোনাল্ড কোম্যানের দল যে ফাইনালে গেল, তাতে পিকের ওই গোল লাইফলাইন।
কোপার সেমিতে বুধবার রাতের সেই ম্যাচেই চোট পান পিকে। বিবৃতিতে বার্সা জানিয়েছে, ডান হাঁটুর লিগামেন্টে তৃতীয় মাত্রার চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী পিকে।








