শিক্ষা

ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, সিলেবাসে পরিবর্তনের আভাস

ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, সিলেবাসে পরিবর্তনের আভাস

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি এবার যুক্ত হতে পারে লিখিত পরীক্ষা। সে ক্ষেত্রে তিন ধাপে অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা। পাশাপাশি পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিলেবাসেও। তবে বিধিমালা সংশোধনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে পারে কর্তৃপক্ষ।

প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী, প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এর জন্য সময় বরাদ্দ থাকবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। এ ধাপে পাস নম্বর হতে পারে ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ পরীক্ষার সময় থাকবে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তাবিত সিলেবাসে চারটি বিষয় রাখার পরিকল্পনা রয়েছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতে পারে।

তবে পরীক্ষার ধাপ, নম্বর বণ্টন ও সিলেবাসের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে এনটিআরসিএ।

এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে কাঠামোগত পরিবর্তনও। আগে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হতো। পরে সেই সনদের ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো। তবে এবার নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হচ্ছে।

এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ।

বিষয়:এনটিআরসিএ এমসিকিউ নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…