ভারতের জনপ্রিয় টেলি তারকা মধুমিতা চক্রবর্তীর নামে সম্প্রতি বাংলাদেশের কিছু অনলাইন সম্পূর্ণ মিথ্যা তথ্য পরিবেশন করেছে বলে অভিযোগ উঠেছে।
আর এই ধরনের মিথ্যা খবরের তীব্র নিন্দা জানিয়েছেন মধুমিতা এবং তার স্বামী, জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী।
মধুমিতা চক্রবর্তী যিনি বাংলাদেশে ‘পাখি’ নামে জনপ্রিয়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
গত ১৪ আগস্ট বাংলাদেশের একাধিক ওয়েবসাইট তার সম্পর্কে একটি সম্পূর্ণ মিথ্যা খবর পরিবেশন করেন।
ওই খবরে বলা হয়, ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’ দেহব্যবসার কারণে গোয়ায় গ্রেফতার হয়েছেন। শুধু তাই নয়, সেখানে সূত্র হিসেবে একটি ভারতীয় সংবাদপত্রের নাম উল্লেখ করা হয়েছে যদিও সেই সংবাদপত্রে এমন কোনও খবর প্রকাশিত হয়নি। 
এই ধরনের ভুয়া খবরের তীব্র নিন্দা করেছেন মধুমিতা চক্রবর্তী এবং তার স্বামী টেলি-তারকা সৌরভ চক্রবর্তী।
তারা ভারতীয় গণমাধ্যম এবেলাকে জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন।
সৌরভ বলেন, আমরা গত পরশু থেকেই এই খবরের কথা বিভিন্ন সূত্রে পেয়েছি। অনেকেই আমাকে আর মধুমিতাকে ফোন করছেন। ফেসবুকে ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে এই ভুয়া খবরের লিংক। শুধু তাই নয়, মধুমিতার বেশ কিছু বাজে ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এর আগেও বাংলাদেশের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছিল যে সেখানকার একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সেই খবরটিও সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন সৌরভ ও মধুমিতা।







