উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হয়েছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। মঙ্গলবার সেরা তিনের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
আগামী ২৪ আগস্ট মোনাকোতে বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। একইদিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রও অনুষ্ঠিত হবে।
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবকে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। টুর্নামেন্টের এবারের আসরে সর্বোচ্চ ১২ গোলের মালিকও এই পর্তুগিজ তারকা। রিয়ালকে লা লিগা টাইটেল জেতাতেও অগ্রণী ভূমিকা ছিল তার।
জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন দলকে ইউরোপ সেরার ফাইনালে তুলেছেন গ্লাভস হাতে নির্ভরতার প্রতীক হয়ে। যদিও চ্যাম্পিয়ন করতে পারেননি। সঙ্গে জুভদের টানা ষষ্ঠ সিরি আ টাইটেল জেতানোর পাশাপাশি টানা তৃতীয় ইতালিয়ান কাপ জেতাতে ভূমিকা রেখেছেন।
লিওনেল মেসি সেখানে মেজর কোনও ট্রফি জেতাতে পারেননি গত মৌসুমে। স্প্যানিশ কিংস কাপই একমাত্র সাফল্য। তবে সর্বোচ্চ ৩৭ গোল নিয়ে লা লিগা মৌসুম শেষ করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।
মেসি এবং রোনালদো আগে দুবার করে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সিআর সেভেন সর্বশেষ বিজয়ী। মেসি ২০১১ ও ২০১৫ সালে, রোনালদো ২০১৪ ও ২০১৬ সালে জিতেছেন। আন্দ্রেস ইনিয়েস্তা ২০১২ এবং ফ্রাঙ্ক রিবেরি ২০১৩ সালে এই খেতাব হাতে তোলেন।
উয়েফার বর্ষসেরা দশে জায়গা করে নেওয়া অন্যরা হলেন- সার্জিও রামোস (রিয়াল), লুকা মডরিচ (রিয়াল), টনি ক্রুস (রিয়াল), পাওলো দিবালা (জুভেন্টাস), কাইলিয়ান এমবাপে (মোনাকো), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন) এবং জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানইউ)।
তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা করতে ভোট দিয়েছেন গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগে অংশগ্রহণকারী ৮০টি দেশের কোচ, ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্বাচিত ৫৫জন সাংবাদিক, উয়েফা সদস্য দেশগুলোর একজন করে মনোনীত প্রতিনিধি।









