ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও চেলসি সতীর্থ এনগোলো কান্তেকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা পুরস্কার হাতে উঠেছে ইতালিকে ইউরো জেতানো জর্জিনহোর। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অ্যালেক্সিয়া পৌটেল্লাস।
বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ঝলমলে অনুষ্ঠানে হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের গ্রুপপর্বের ড্র। একই মঞ্চে উয়েফার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়। সঙ্গে বর্ষসেরা কোচ ও সব পজিশনের সেরাদের নাম জানানো হয়।
বর্ষসেরা কোচের দৌড়ে ইতালিকে ইউরো জেতানো রবের্তো মানচিনি, চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ও প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে পেছনে ফেলে সেরা হয়েছেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল।
ছেলেদের বর্ষসেরা জর্জিনহো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চেলসির হয়ে, সঙ্গে ইতালির হয়ে ইউরো জিতেছেন। ইতিহাসের মাত্র নবম খেলোয়াড় হিসেবে একই বছরে ইউরোপিয়ান কাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডাবল জিতেছেন ২৯ বছর বয়সী তারকা। দুই দলেই মিডফিল্ডে তার ভূমিকা ছিল সেরা হওয়ার মতো।
ছেলেদের বর্ষসেরা হয়েছেন যেমন একজন মিডফিল্ডার, মেয়েদের সেরাও একজন মিডফিন্ডার। অ্যালেক্সিয়া পৌটেল্লাস গত মৌসুমে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে ভূমিকা রেখেছেন।
এক নজরে উয়েফার বর্ষসেরা পুরস্কার-২০২১
উয়েফা প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড: ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের ও দলটির চিকিৎসক টিম, যারা ইউরো-২০২০ ম্যাচে কার্ডিয়াক এরেস্টে মাঠেই মুখ থুবড়ে পড়ে যাওয়া ড্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচিয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগ বছর সেরা গোলরক্ষক (ছেলে): এডুওয়ার্ড মেন্ডি (চেলসি)
চ্যাম্পিয়ন্স লিগ বছর সেরা গোলরক্ষক (মেয়ে): সান্দ্রা পেনোস (বার্সেলোনা)
সেরা ডিফেন্ডার (ছেলে): রুবেন ডিয়াস (ম্যানসিটি)
সেরা ডিফেন্ডার (মেয়ে): আইরিন পারেদেস (পিএসজি)
সেরা মিডফিন্ডার (ছেলে): এনগোলো কান্তে (চেলসি)
সেরা মিডফিন্ডার (মেয়ে): অ্যালেক্সিয়া পৌটেল্লাস (বার্সেলোনা)
সেরা ফরোয়ার্ড (ছেলে): আর্লিং হালান্ড (ডর্টমুন্ড)
সেরা ফরোয়ার্ড (মেয়ে): জেন্নি হেরমোসো (বার্সেলোনা)
বর্ষসেরা কোচ (ছেলেদের দল): থমাস টুখেল (চেলসি)
বর্ষসেরা কোচ (মেয়েদের দল): লুইস কর্টেস (বার্সেলোনা)
বর্ষসেরা ফুটবলার (ছেলে): জর্জিনহো (চেলসি/ইতালি)
বর্ষসেরা ফুটবলার (মেয়ে): অ্যালেক্সিয়া পৌটেল্লাস (বার্সেলোনা)








