টেক জায়ান্ট গুগলের বেলজিয়ামে অবস্থিত একটি ডাটা সেন্টারে বজ্রপাত হয়েছেঅ তাও একবার নয়, পর পর ৪ বার! এভাবে পর পর শক্তিশালী বজ্রপাতে ওই ডাটা সেন্টারের ডিস্কগুলো থেকে সব তথ্য মুছে গেছে।
ক্ষতিগ্রস্ত ডিস্কগুলোর মধ্যে কিছু ডিস্ক পরে আবার চালু করা সম্ভব হয়েছে। যদিও সেগুলোর স্মৃতি আর পুনরুদ্ধার করা যায়নি। বেশিরভাগ ডিস্ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ফলে সেগুলোতে সেভ থাকা কোনো ফাইলেই আর ঢোকা যাচ্ছে না।
ডাটা সেন্টারের মতো জায়গাগুলোতে অন্যান্য স্থাপনার তুলনায় বজ্রপাত থেকে বেশি সুরক্ষার প্রয়োজন হয়। তারপরও এমন একটি ঘটনা ডাটা সেন্টার কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
সাধারণত এক জায়গায় একাধিকবার বজ্রপাত হয় না। সেখানে ঠিক একই জায়গায় পর পর ৪ বার বজ্রপাত হওয়া বেশ অদ্ভুত ব্যাপার। এর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়েছে।
বজ্রপাত থেকে বিভিন্ন স্থাপনাকে সুরক্ষা সেবা দেওয়া প্রতিষ্ঠান ওরিয়নের প্রকল্প ব্যবস্থাপক জাস্টিন গেইল বলেন, বিদ্যুৎ বা টেলিযোগাযোগ ব্যবস্থার তারে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। এতে তারের সংযোগে থাকা ভবন বা স্থাপনাও বজ্রপাতের ক্ষতির শিকার হতে পারে। গুগল ডাটা সেন্টারের ক্ষেত্রেও নিশ্চয়ই এমনটাই হয়েছে।
গুগলের বিশেষ একটি সেবা হলো গুগল কম্পিউট ইঞ্জিন (জিসিই)। এর মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করতে পারে এবং ভার্চুয়াল কম্পিউটিং পদ্ধতিতে যে কোনো কম্পিউটার থেকে সেগুলো পেতে পারে। ডাটা সেন্টারের ডিস্কগুলোতে এসব ডাটা জমা থাকে। বেলজিয়ামের ডাটা সেন্টারে ডিস্ক বজ্রাহত হওয়ায় কোন কোন গ্রাহকের ডাটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, মোট সংরক্ষিত তথ্যের মাত্র ০.০০০০০১ শতাংশ নষ্ট হয়েছে। গুগল এখন থেকে আরো বেশি সতর্ক হবে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নত করে ভবিষ্যতে এ ধরনের ক্ষতি যেন না হয় সে ব্যবস্থা করবে বলেও জানানো হয়।






