গুগল ক্লাউডের বিভ্রাটে বন্ধ আদালতের শুনানি, সমস্যায় ব্যাংকের গ্রাহক

ছবি: সংগৃহীত
গুগল ক্লাউডের একাধিক সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত ঘটনার কারণে এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে গুগল। এতে যুক্তরাজ্যের কয়েকটি ব্যাংকের অনলাইন সেবা এবং আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সামার টাইম সকাল ৭টা থেকে, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ সমস্যা শুরু হয়।
গুগলের ক্লাউড স্ট্যাটাস পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘ইউরোপ-ওয়েস্ট ২ অঞ্চলে আমাদের একাধিক সেবায় সমস্যা দেখা দিয়েছে। আমাদের প্রকৌশল দল বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।’
গুগল ক্লাউডের ইউরোপ-ওয়েস্ট ২ অঞ্চলটি লন্ডনে অবস্থিত। এ অঞ্চলের সেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন কোম্পানি ও অনলাইন প্ল্যাটফর্মে সমস্যা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়েবসাইট ও অনলাইন সেবায় সমস্যা নিয়ে ব্যবহারকারীদের প্রতিবেদন সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে মঙ্গলবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সেবা নিয়ে অভিযোগ বাড়তে দেখা যায়। তবে এসব প্রতিষ্ঠানের সবগুলো গুগল ক্লাউডের ওপর নির্ভরশীল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাজ্যের অনলাইন ব্যাংক রেভোলুট তাদের সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ রয়েছে। হ্যালিফ্যাক্স ব্যাংকও জানিয়েছে, তাদের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে কিছু গ্রাহক সমস্যার মুখে পড়ছেন।
এ ছাড়া যুক্তরাজ্যের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম (সিভিপি) বন্ধ থাকায় ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন স্থানে প্রসিকিউশন ও ডিফেন্সের আইনজীবীরা বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না।
সংস্থাটি জানায়, সকাল ১০টা থেকে এ সমস্যা চলছিল। এতে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মামলার জট কমানোর উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
গুগল ক্লাউড বিশ্বের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও মাইক্রোসফট অ্যাজিউরের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে গুগল ক্লাউড স্টোরেজ, ডেটা ব্যবস্থাপনা ও সফটওয়্যার উন্নয়নের বিভিন্ন প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিজিটাল প্ল্যাটফর্ম এসব অবকাঠামোর ওপর নির্ভর করে তাদের সেবা পরিচালনা করে।
বিভ্রাটের কারণ ও ক্ষতিগ্রস্ত সেবাগুলোর বিষয়ে গুগলের তদন্ত চলছিল বলে তাদের স্ট্যাটাস পেজে জানানো হয়।






