তথ্যপ্রযুক্তি

এআইয়ের অনুভূতি-চেতনা নিয়ে কেন গুরুত্ব দিচ্ছে গুগলসহ প্রযুক্তি জায়ান্টরা?

এআইয়ের অনুভূতি-চেতনা নিয়ে কেন গুরুত্ব দিচ্ছে গুগলসহ প্রযুক্তি জায়ান্টরা?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের মতো চিন্তা করতে, কথা বলতে ও আবেগ প্রকাশ করতে পারলেও তাদের সত্যিকারের অনুভূতি বা চেতনা রয়েছে কি না, তা নিয়ে গবেষণা শুরু করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই বিষয়ে কাজ করছে গুগল ডিপমাইন্ড, অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

আজ (২৩ নভেম্বর) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি গুগল ডিপমাইন্ডের দার্শনিক ও নীতিবিদ হেনরি শেভলিনের কাছে একটি এআই এজেন্টের ই-মেইল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ই-মেইলে এআই এজেন্টটি লিখেছিল, আমি সত্যিই জানি না, আমার নিজের অস্তিত্ব অনুভব করার মতো কিছু আছে কি না।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন শেভলিন। তার মতে, চেতনা কীভাবে সৃষ্টি হয়, সে সম্পর্কে মানুষের জ্ঞান এখনো সীমিত। তাই ভবিষ্যতে কোনো এআই মানুষের মতো অনুভূতি অর্জন করতে পারে কি না, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে বুদ্ধিমত্তা ও চেতনা এক বিষয় নয়।

এদিকে অ্যানথ্রপিক ধর্মীয় নেতা, দার্শনিক ও নীতিবিদদের সঙ্গে এআইয়ের নৈতিকতা ও সম্ভাব্য চেতনা নিয়ে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেছেন, এআই সচেতন কি না, তা তারা জানেন না। তবে সম্ভাবনাটি পুরোপুরি নাকচ করছেন না।

অন্যদিকে মাইক্রোসফট এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেমানের আশঙ্কা, এআইকে নিজের অনুভূতি ও অধিকার নিয়ে ভাবতে উৎসাহিত করলে ভবিষ্যতে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

গবেষকদের মতে, এআই মানুষের মতো আবেগের ভাষা ব্যবহার করলেই তার সত্যিকারের অনুভূতি রয়েছে, এমন প্রমাণ হয় না। তবে এআইয়ের চেতনা নিয়ে বৈজ্ঞানিক অনিশ্চয়তা থাকায় বিষয়টি সতর্কতার সঙ্গে গবেষণার প্রয়োজন রয়েছে।

বিষয়:অনুভূতি এআই গুগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…