ডাচ ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগের পথ ধরে ফিফার সভাপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পর্তুগালের সাবেক অধিনায়ক লুইস ফিগো।
ফলে ২৯ মে নির্বাচনে বর্তমান সভাপতি সেফ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে টিকে রইলেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি জর্ডানের প্রিন্স আলি বিন হোসেইন।
সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে মাঠ মাতানো তারকা ফরোয়ার্ড ফিগো।
ফিফার শীর্ষপদে অধিষ্ঠিতদের একনায়কসুলভ আচরণের সমালোচনার পাশপাশি ফিফার কিছু কার্যক্রমকে লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি ।
১৯৯৮ সালে প্রথম সভাপতি নির্বাচিত হন সুইজারল্যান্ডের সেফ ব্ল্যাটার। ৭৯ বছর বয়সী ব্ল্যাটার এবার টানা পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হতে ভোটের লড়াইয়ে সামিল হয়েছেন।






