প্রথম ম্যাচে জোড়াগোল করে বিশ্বকাপে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়ে রেখেছেন স্পেনের ডিয়েগো কস্তা। পর্তুগালের সঙ্গে ড্র করলেও স্পেনের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আর শিরোপা যুদ্ধের ফাইনালে জন্মভূমি ব্রাজিলকেই চান অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড।
প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে স্পেন। দলের হয়ে কস্তা জোড়া গোল করলেও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জেতা হয়নি স্প্যানিশদের।
স্পেনের জার্সি গায়ে দেয়ার ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন কস্তা। এখন সেই জন্মভূমির বিরুদ্ধেই খেলতে চান, ‘আমি তাদের(ব্রাজিল) দেখলেই খুশি হব। কারণ ওই দলে উইলিয়ান, ফিলিপে(লুইস) ও মিরান্ডার মতো আমার অনেক বন্ধু রয়েছেন। আমি তাদের ভালোবাসি এবং তাদের কোনো খারাপ কিছু চাই না।’
শুধু খেলোয়াড়রাই নন, ব্রাজিলে তো পরিবারও রয়েছে কস্তার, ‘আমার বাড়ি লাগারতোতে(ব্রাজিল)। আমার পুরো পরিবার এবং বন্ধু-বান্ধবরা ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছে। স্পেন-ব্রাজিল ফাইনালটা হতে পারে খুবই সুন্দর।’
তবে তিনি যে ব্রাজিলকে বাদ দিয়ে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ফাইনালে গেলেও পেছনের দিকে মানুষ ফিরে তাকাবে না, ‘ফুটবল আবেগ নিয়েই ব্রাজিলের মানুষ বেঁচে থাকেন। কিন্তু এই ইস্যু (দলবদল) এখন অতীত, মানুষ ইতিমধ্যে এটা মেনে নিয়েছেন। তার উপর ব্রাজিলের মানুষ তো অনেক ভালো।’
স্পেনের জার্সি গায়ে প্রথমদিকে সংগ্রাম করতে হয়েছে কস্তাকে। প্রথম ১০ ম্যাচে গোল করেছিলেন মাত্র একটি। ২০১৪ সালে গ্রুপপর্ব থেকে স্প্যানিশদের বিদায় নেয়া বিশ্বকাপে কোনো গোলই করতে পারেননি।
২০১৬ ইউরোতে তাকে দলেই রাখেননি স্পেনের তৎকালীন কোচ ভিসেন্তে ডেল বস্ক। তবে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের সময় তাকে দলে ডাকেন সদ্য বরখাস্ত কোচ হুলেন লোপেতেগি। বাছাইপর্বে দলের হয়ে ৫ গোল করেন কস্তা।







