রোববার দুর্গত হাওর পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কেনো এতোদিন পরে হাওরাঞ্চল সফর গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে যাবেন কিনা তা পরিষ্কার করেনি বিএনপি নেতারা।
বিষয়টি নিয়ে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
‘আজ প্রধানমন্ত্রী হাওর পরিদর্শনে গেছেন, বিএনপি চেয়ারপারসন যাবেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘ ‘তিনি কেন যাচ্ছেন এতোদিন পর?.আওয়ামী লীগের নেতারা সেখানকার ত্রাণ নিয়ে যে উৎপীড়িন চালিয়েছে তা দেখতে যাচ্ছেন? অসহায় মানুষের আর্তনাদ দেখতে যাচ্ছেন? কথা হলো সরকারের সব মেশিনারিজ যার হাতে, ত্রাণের ভাণ্ডার যার হাতে, তিনি এতদিন পরে যাচ্ছেন কেন? সব এলাকা যখন বিলীন হয়ে গেছে। সর্বত্র মানুষের আর্তচিৎকার, কাঁদছে ক্ষুধার জ্বালায়; তখন প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন সেখানে।
হাওরে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দুর্গত এলাকার মানুষকে সাহায্য করার জন্য কমিটি করে দিয়েছেন। আমাদের নানা টিম সেখানে কাজ করছে।’
উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে দেশের বেশ কয়েকটি হাওরাঞ্চল তলিয়ে যাওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ নিয়ে বেশ তৎপর ছিল বিএনপি। দলটির নেতারা কয়েক দফা হাওরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। দিয়েছেন ত্রাণ সহায়তাও। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্তদের দেখতে যাবেন কিনা- এ বিষয়ে গণমাধ্যমকে স্পষ্ট কিছু বলছে না দলটি।
খালেদা জিয়ার হাওরাঞ্চলে যাবার বিষয়ে তিনি বলেন, ‘সেখানে যাওয়ার বিষয়টি অবশ্যই তিনি আলাপ-আলোচনা করবেন। সেটা আপনাদের জানাব।’
রিজভী এসময় আওয়ামী লীগ নেতাদের লাগামহীন দুর্নীতির কারণেই হাওরের মানুষের এই দুর্দশা বলে দাবি করে বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন নয়, দুর্নীতির উন্নয়ন করছে।







