নিজের খেলা আগের তিন বিশ্বকাপে সাকুল্যে করেছিলেন মাত্র তিনটি গোল। সেটা যে তার নামের সঙ্গে যায় না, রাশিয়ায় প্রথম ম্যাচেই তিনবার জাল খুঁজে নিয়ে বুঝিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে এক হ্যাটট্রিকে যেমন রেকর্ড-অর্জনের পাতা তছনছ করেছেন সিআর সেভেন, ছুঁয়েছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের একটি রেকর্ডও।
স্পেনের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচের তকমা পাওয়া লড়াইটা জিততে পারেননি রোনালদো। তবে তার ৩ গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পর্তুগাল। যেগুলো রোনালদোর ক্যারিয়ারের ৮২তম, ৮৩তম এবং ৮৪তম গোল।
মানে পর্তুগালের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ৮৪। আন্তর্জাতিক ম্যাচে ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ। এতদিন ফেরেঙ্ক পুসকাস ৮৪টি গোল করে ইউরোপে গোলদাতাদের চূঁড়ায় বসে ছিলেন একাই। ১৯৪৫-৫৬ এর মধ্যে হাঙ্গেরির হয়ে গোলগুলো করেছিলেন পুসকাস। শুক্রবার রাতে কিংবদন্তিকেই ছুঁয়েছেন রোনালদো।
রোনালদোর সামনে এখন কেবল একজন। নাম আলি দেইয়ি। ইরানের হয়ে তার গোলসংখ্যা ১০৯, ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল।
মহাকাব্যিক হ্যাটট্রিকের ম্যাচে রোনালদো আরও কিছু রেকর্ড-অর্জন ছুঁয়েছেন। টানা চার বিশ্বকাপে জাল খুঁজে নেয়ার কীর্তিতে নাম তুলেছেন সিআর সেভেন। তার আগে ইতিহাসে মাত্র তিনজনের বিশ্বকাপের চার আসরে গোল করার কীর্তি আছে।
একমাত্র খেলোয়াড় হিসেবে রোনালদো ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে টানা ৮টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক যেটি। বিশ্বযজ্ঞের আসরে স্পেনের বিপেক্ষে কোনো খেলোয়াড়ের প্রথম হ্যাটট্রিকও। সবমিলিয়ে বিশ্বকাপের ৫১তম হ্যাটট্রিক। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোরও ৫১তম হ্যাটট্রিক।







