পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মৃত্যু

কক্সবাজার সদরের পিএমখালীতে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মধ্যম জুমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই দুই শিশু হলো: পিএমখালী ইউনিয়নের মধ্যম জুমছড়ি এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ তামিম (১১) ও মোহাম্মদ নাছিম (৯)।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান বলেন: দুপুরে দুই ভাই মিলে অভিভাবকদের অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তারা ডুবে যায়। এতে তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশাপাশের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।
তিনি বলেন: এক পর্যায়ে বাড়ির পুকুরে ২ ভাইকে ভেসে উঠতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান।






